সাংবাদিক আসাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

Sanchoy Biswas
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৫৮ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামানকে পরিকল্পিতভাবে হেনস্থা, ভিডিও ধারণ ও ফেসবুকে অপপ্রচার চালিয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরীর রাজবাড়ী সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাজীপুরের সাংবাদিক সমাজ, গাজীপুর সদর প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন সংস্থার যৌথ উদ্যোগে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও স্থানীয় সাধারণ মানুষ।

আরও পড়ুন: নেত্রকোনায় শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষক

মানববন্ধনে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন বলেন, “সাংবাদিক নির্যাতন এখন প্রতিদিনের ঘটনা। দেশের সকল সাংবাদিক যদি এক থাকতো, তাহলে এমন নেককারজনক ঘটনার পুনরাবৃত্তি হতো না। এর কারণ হিসেবে রয়েছে সাংবাদিকদের মধ্যে সিনিয়র-জুনিয়র পার্থক্য, সিনিয়র সাংবাদিকদের জুনিয়রদের প্রতি সম্মানহীন আচরণ, সাংবাদিক সংগঠনগুলোর অপ্রতিষ্ঠিত অবস্থান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপসংবাদিকতার বৃদ্ধি। এ ধরনের পরিস্থিতি রোধ করতে সকল সাংবাদিককে একত্রিত হয়ে প্রতিবাদ করতে হবে। জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সর্বদা এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে সহযোগিতা করতে প্রস্তুত।”

অন্য সাংবাদিকরা তাদের বক্তব্যে জানান, আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে গাজীপুরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। গত ২৪ মার্চ সকালে জনৈক বোরকা পরিহিত নারী তাকে কথা বলার জন্য ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। ঠিক সেই মুহূর্তে পূর্ব শত্রুতার জেরে কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে ভিডিও ধারণ শুরু করেন। ঘটনাটি পূর্বপরিকল্পিত সাজানো নাটক হিসেবে প্রদর্শিত হয়েছে।

আরও পড়ুন: শেরপুরের পাহাড়ি অঞ্চলে শুষ্ক মৌসুমে সুপেয় পানি সংকট

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত হান্নান মোল্লা ও লতিফ সরকার টুটুলের সঙ্গে সাংবাদিক আসাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আসাদ জানান, ২০২৪ সাল থেকে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে তিনি থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া হান্নান মোল্লার বিরুদ্ধে মহানগর হাকিম আদালতে দুই কোটি টাকার একটি মানহানি মামলা (সিআর নং-৫৭২/২০২৪) চলমান রয়েছে।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। পাশাপাশি ষড়যন্ত্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা, এবি সিদ্দিকুর রহমান, মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকতারুজ্জামান, দৈনিক বাংলাদেশ সমাচার এর স্টাফ রিপোর্টার মোঃ হাসান আলী, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, মাসিক সংবাদ আলোচনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইউনুস আলী, বাংলা এডিশনের সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী, এশিয়ান টেলিভিশনের কাশিমপুর প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য বকুল সরকার, রফিকুল ইসলাম ও সরোয়ার আলম খানসহ জেলা ও মহানগরীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।