ব্যবসায়ীকে জরিমানা
শেরপুরে আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার তেলের মজুদ
শেরপুর শহরের একটি ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ২৫ হাজার লিটার ডিজেল মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২৭ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে মজুত রাখা ডিজেল ও কেরোসিন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আবাসিক ভবনে স্থায়ীভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
আরও পড়ুন: রূপগঞ্জে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ
জানা যায়, ব্যবসায়ী তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলালের মালিকানাধীন মেসার্স শিমলা ট্রেডার্স দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা মূল্যে প্রান্তিক কৃষক ও দোকানদারদের কাছে ডিজেল ও কেরোসিন বিক্রি করে আসছিলেন। তাঁদের খুচরা তেল বিক্রির লাইসেন্স থাকলেও পরে আবাসিক ভবনের নিচে প্রায় ২৭ হাজার লিটার ধারণক্ষমতার একটি বড় ট্যাংক নির্মাণ করা হয়। সেখানে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল মজুত রাখা হয়েছিল। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরসহ কয়েকটি সরকারি দপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্রও তাঁদের কাছে পাওয়া যায়নি।
অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সেলিম রেজা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
এ ব্যাপারে শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে অর্থদণ্ড দেয়া হয়েছে। সেইসাথে ডিজেলগুলো শুক্রবার বিকেলের মধ্যে সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়েছে। যেহেতু এটা দাহ্য পদার্থ তাই আবাসিক বিল্ডিং এ যারা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য দ্রুত সময়ের মধ্যেই সব করা হবে। তেল সরিয়ে নেয়ার সময়ও আমাদের নজরদারি থাকবে। এছাড়া তাদের অন্যান্য লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
তবে এ বিষয়ে ব্যবসায়ী তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলালের বক্তব্য জানতে চাইলে তাঁরা সাংবাদিকদের এড়িয়ে যান।





