ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে সংঘর্ষ: আহত ২, গ্রেফতার ১

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:০৫ অপরাহ্ন, ২২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ড্যাব সংশ্লিষ্ট দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে বলে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, মোটরসাইকেলে তেল ভরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এর জেরে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ডা. ফরহাদ হালিম ডোনারের অনুসারী দুই গ্রুপের কর্মীরা।

আরও পড়ুন: সারওয়ার আলমের আকস্মিক প্রত্যাহারে ফুঁসছে সিলেট

অভিযোগ রয়েছে, কথা কাটাকাটির পর এক পক্ষের কয়েকজন কর্মী অন্য পক্ষের একজনকে মারধর করে। পরে পাল্টা প্রতিক্রিয়ায় হামলার ঘটনা ঘটে এবং পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

সংঘর্ষের একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে অন্তত দুইজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সাভারে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

ঘটনার সময় পুলিশ ছাত্রাবাসে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলার অভিযোগে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ ঘটনায় ছাত্রাবাসে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।