ভোমরা সীমান্তে স্বর্ণ পাচারচেষ্টা ব্যর্থ, ৬৩ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের প্রাক্কালে প্রায় ৬৩ লক্ষ টাকা মূল্যের স্বর্ণসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত নারীর নাম মোসাঃ শিউলী আক্তার (২৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের মোঃ জুবায়েরের স্ত্রী।

বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, ভোমরা বিওপির অধীন বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা করা হবে।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এরপর অধিনায়কের নির্দেশে একটি চৌকষ আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে একটি ইজিবাইকে করে খুলনা মোড় থেকে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার সময় আলীপুর এলাকায় সন্দেহভাজন হিসেবে শিউলী আক্তারকে আটক করা হয়।

পরবর্তীতে বিজিবির মহিলা সদস্যরা তাকে তল্লাশি করলে তার কাছ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আটককৃত নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।