উল্লাপাড়ায় বৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে এক নারীর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে নাসিমা খাতুন (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত নাসিমা খাতুন ওই গ্রামের মৃত হবিবর রহমানের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে একটি অস্থায়ী ঘরে বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে একা বসবাস করতেন নাসিমা খাতুন। সোমবার ভোর রাতের দিকে হঠাৎ করেই এলাকায় তীব্র বেগে বৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের প্রবল বাতাসে তার ঘরের পাশে থাকা একটি বিশাল আকৃতির রেইনট্রি গাছ উপড়ে সরাসরি টিনের ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা নাসিমা খাতুন গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র্যালি ও সভা
দুর্গানগর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসিমা খাতুন অত্যন্ত অসহায় ছিলেন। স্বামীর মৃত্যুর পর তিনি রাস্তার পাশে ছোট একটি ঘর তুলে থাকতেন। ভোরের আকস্মিক ঝড়ে গাছ ভেঙে পড়লে তার বাঁচার আর কোনো উপায় ছিল না। সকালে প্রতিবেশীরা বিধ্বস্ত ঘর ও বিশাল গাছ দেখে এগিয়ে এলে তার মরদেহ উদ্ধার করা হয়।
বৈশাখী ঝড়ের এই তাণ্ডবে প্রাণহানির ঘটনায় বালসাবাড়ি গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: আশুলিয়া ধামসোনা ইউনিয়নের আলেম সমাজের সঙ্গে ইসরাফিল হোসেনের মতবিনিময়





