গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দ্বায়ে জরিমানা, মালিকের কারাদণ্ড

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দ্বায়ে পপুলার মেডিসিন কর্ণার এন্ড সার্জিক্যাল ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ফার্মেসি মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (৩ জুন) বিকাল ৫টায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এলাকার হাসপাতাল মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৩৬) উপজেলার শিবপুর ইউনিয়নের সরদারহাট এলাকার আলেফ উদ্দিন ব্যাপারীর ছেলে।

আরও পড়ুন: বাউফলে অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে বিএনপি, মানবিক উদ্যোগে প্রশংসায় এলাকাবাসী

সূত্র জানায়, সম্প্রতি হুরে জান্নাত নামে ৩ মাসের একজন গর্ভবতী নারী একটি বেসরকারি ক্লিনিকে গাইনী চিকিৎসকের পরামর্শে পার্শ্ববর্তী পপুলার মেডিসিন কর্ণার এন্ড সার্জিক্যাল ফার্মেসি থেকে এইচপিসি (হাইড্রক্সিপ্রোজেস্টেরন ক্যাপ্রোয়েট) ইনজেকশন ক্রয় করে শরীরে পুশ করার পর থেকে গর্ভপাতে আশংকা দেখা দেয়। তখন যাচাই-বাছাই করলে মেয়াদোত্তীর্ণ ঔষধের বিষয়টি উঠে আসে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় এবং উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার বিকালে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় পপুলার মেডিসিন কর্ণার এন্ড সার্জিক্যাল ফার্মেসির মালিক আনোয়ার হোসেনকে আটকসহ ফার্মেসি থেকে বেশকিছু মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।

এই অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মেহেদী হাসান সহ থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

আরও পড়ুন: নিকলীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার জব্দ ও ২ লাখ টাকা জরিমানা

জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মেহেদী হাসান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ এর ৪০ (খ) ও (গ) ধারায় ফার্মেসি মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এমন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।