কুলাউড়াকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর গড়তে অভিযান অব্যাহত রয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, চুরি-ছিনতাই, মাদক প্রতিরোধ ও সীমান্ত রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় মাদক ব্যবসায়ীদের তৎপরতা, হিজড়াদের চাঁদাবাজি, থানায় বিচার কার্যক্রম, প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার সরবরাহ বন্ধ করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. আব্দুল মুন্তাজিম, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মতিন, জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও নুর আহমদ চৌধুরী বুলবুল, প্রভাষক তাহমিনা সুলতানাসহ অনেকে।
আরও পড়ুন: নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা আক্তার জেরিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহজালাল, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
ইউএনও সানজিদা আক্তার বলেন, কুলাউড়া শহরের যানজট নিরসন এবং সড়কের পাশে যত্রতত্র পার্কিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। আগামীতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি কুলাউড়া শহরকে একটি সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।





