কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২০ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা থেকে চুরি হয়ে যাওয়া "তুরাগ কিং" নামক একটি বিলাসবহুল পর্যটন বোট পটুয়াখালীর লাউকাঠি নদী থেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৮ জুন সকালে ঢাকার দিয়াবাড়ি ল্যান্ডিং স্টেশন থেকে পর্যটন বোটটি চুরি হয়। ওই দিনই বোটের মালিক গাবতলী নৌ পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চুরি হওয়া বোটসহ সন্দেহভাজন ব্যক্তি পটুয়াখালী এলাকায় অবস্থান করছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

এই তথ্যের ভিত্তিতে বোটের মালিকপক্ষ পটুয়াখালীতে যান এবং বোটটি উদ্ধারের জন্য কোস্ট গার্ডের কাছে সরাসরি সহায়তা চান। অভিযোগের ভিত্তিতে গত ১ জুলাই (বুধবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক পটুয়াখালী সদর থানাধীন লাউকাঠি নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন মালিকপক্ষের বোটটি শনাক্ত করার পর কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। কিন্তু অপরাধীরা সংকেত অমান্য করে বোটটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে লেবুখালী ক্যান্টনমেন্ট-সংলগ্ন এলাকা থেকে সফলভাবে বোটটি উদ্ধার করতে সক্ষম হয়। কোস্ট গার্ডের তাড়া খেয়ে বোটে থাকা দুষ্কৃতিকারীরা দ্রুত তীরে নেমে পালিয়ে যায়।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত পর্যটন বোটটি বর্তমানে মালিকপক্ষের নিকট আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা ও জনসেবায় কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।