রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় পানির লাইনের মেরামতকাজ চলাকালে মাটি খুঁড়তে গিয়ে তিনটি মর্টার শেল সদৃশ বিস্ফোরক বস্তু উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং সড়কের দুই দিক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তাজল ওসি সড়কে শহীদ মাস্টার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সেখানে লিক হওয়া পানির লাইন মেরামতের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। এ সময় তারা মাটির নিচে তিনটি মর্টার শেল সদৃশ বস্তু দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
আরও পড়ুন: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন
রামগতি পৌরসভার উপপ্রকৌশলী রিফাত হাসান জানান, পানির লাইনের মেরামতকাজের সময় শ্রমিকরা সন্দেহজনক বস্তুগুলো দেখতে পেয়ে কাজ বন্ধ করে দেন। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশকে অবহিত করা হয়।
সরেজমিনে দেখা যায়, পুলিশ লাল ফিতা দিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে সড়কের উভয় পাশ থেকে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগ, মিজান বললেন ‘অভাবের তাড়নায় করেছি’
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসে। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো উচ্চক্ষমতাসম্পন্ন রকেট বোমা বা মর্টার শেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হওয়ার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নিরীক্ষার পরই বস্তুগুলোর প্রকৃত পরিচয় ও পরবর্তী করণীয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত জনসাধারণকে ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।





