ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবির আন্দোলন ঘিরে অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ২:৫৮ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হতে পাশকৃত চার (৪) বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য ও আইনসম্মত পেশাগত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা ও উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, তাদের ঘোষিত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির প্রেক্ষাপটে "ডক্টরস মুভ ফর জাস্টিস, বিডিএস উইং" নামের একটি সংগঠন বিভিন্ন বানোয়াট, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার, ডেন্টাল ডিপ্লোমাধারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য এবং পাল্টা কর্মসূচি ঘোষণার মাধ্যমে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: কাশিয়ানীতে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ

বাংলাদেশ ডেন্টাল পরিষদ বলেছে, তাদের আন্দোলনের উদ্দেশ্য কোনো ব্যক্তি, পেশাজীবী গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অধিকার খর্ব করা নয়। বরং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে সরকারি অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর মাধ্যমে সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন, নতুন পদ সৃষ্টি, পর্যাপ্ত কর্মসংস্থান এবং ন্যায্য পেশাগত স্বীকৃতি নিশ্চিত করার দাবিতেই তাদের চলমান আন্দোলন।

সংগঠনটি আরও জানায়, এ বিষয়ে নীতিগত ও আইনগত সিদ্ধান্ত গ্রহণের সাংবিধানিক এখতিয়ার একমাত্র সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারণী কর্তৃপক্ষের। ফলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার কিংবা অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি না করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও আইনগত প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুন: শেরপুরে ৫ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুঁশিয়ারি

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো নাগরিক বা পেশাজীবী গোষ্ঠীর শান্তিপূর্ণ ও আইনসম্মত দাবিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মতপার্থক্য থাকলে তা সংলাপ, যুক্তি, তথ্য ও আইনের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে উপস্থাপন করাই একটি গণতান্ত্রিক সমাজের অনুশীলন।

বাংলাদেশ ডেন্টাল পরিষদ পুনর্ব্যক্ত করেছে যে, তাদের সব কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আইনসম্মত ও গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হবে। সংগঠনটি কোনো ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা চায় না; বরং আলোচনার মাধ্যমে ন্যায়সংগত, টেকসই ও গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করে।

এ প্রেক্ষাপটে সংগঠনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে ঘোষিত কর্মসূচিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং সংবিধান প্রদত্ত শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার যথাযথভাবে সুরক্ষিত থাকে।

একই সঙ্গে বাংলাদেশ ডেন্টাল পরিষদ সকল পক্ষের প্রতি সংযম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছে, স্বাস্থ্যখাতে অপ্রয়োজনীয় উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে—এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকা সবার দায়িত্ব।