জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী নিহত
সিলেটের জৈন্তাপুরে ৪৮ বিজিবির একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই ) সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের তামাবিল-সিলেট মহাসড়কের সারিঘাট সরুফট এলাকার আব্দুল শহীদ স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি
জানা যায়, সিলেটের আখালিয়া থেকে তামাবিলগামী ৪৮ বিজিবির ডাবল কেবিন পিকআপ (নং- সিলেট ঠ-১১-০০৩২) ঘটনাস্থলে পৌঁছালে সারিঘাট থেকে দরবস্তগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন পিকআপের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে দূর্ঘটনাস্হল থেকে দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ফেনীর সংঘর্ষ মামলায় রাজধানী থেকে গ্রেফতার বিএনপি নেতা আলমগীর
নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা থানার জামালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি বিকন ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় নিহতের স্বজনরাও হাসপাতালে উপস্থিত হন।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





