সিলেট প্রেসক্লাব সভাপতি

‘প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসররা জাতির প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করছে’

Sanchoy Biswas
সিলেট ব্যুরো
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:২৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, সরকারে সদিচ্ছা থাকলেও প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের কারণে জাতির প্রত্যাশা পূরণে নানা বাধা-বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে সরকারকে আরও সতর্ক থাকতে হবে।

বুধবার (৫ আগস্ট) ‘সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ‘চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার

সরকারের নানা সমালোচনার জবাবে প্রেসক্লাব সভাপতি বলেন, বিএনপি সরকারের মাত্র ৬ মাস হলো; আমরা এখনই প্রাপ্তি নিয়ে হতাশ হতে চাই না। আমরা প্রত্যাশা রাখছি— সরকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় ঐক্যকে সুসংহত করবে।

তিনি আরও বলেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ দেড় হাজার মানুষের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে দ্বন্দ্ব-সংঘাত বাধিয়ে ফ্যাসিস্টদের ফায়দা নেওয়ার সুযোগ বন্ধ করতে হবে।

আরও পড়ুন: আগুনের পর সাত লিকেজ, ৭ ঘণ্টা ধরে গ্যাস নেই আশুলিয়ায়

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কবীর আহমদ সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সাল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি অধ্যাপক ডা. শামীমুর রহমান।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ডা. শামীমুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান বিচ্ছিন্ন ঘটনা কিংবা ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়। এটি দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ফসল। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মিলাতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় যাওয়ার ৬ মাস চলছে। কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে। সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। কিন্তু নির্বাচিত সরকারকে ব্যর্থ করলে পরবর্তীতে যে সরকার আসবে, তাদেরও আরও ৪০ বছরেও সরানো যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি সরকার জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। কিন্তু ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল সরাতে কিছুটা সময়ের প্রয়োজন। সাংবাদিক তুরাবসহ জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকার নিশ্চিত করবে। এজন্য জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে।


সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির অন্যতম শ্রেষ্ঠ অর্জন। আমরা জুলাইকে ভুলব না, জুলাইকে মুছে দিতে দেব না। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় ঐক্যের স্বার্থে জামায়াত যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।

সভাপতির বক্তব্যে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কবীর আহমদ সোহেল জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বিচার দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভক্তি ও সংঘাত জাতির প্রাপ্তিকে ধুলিস্যাৎ করে দিতে পারে। তাই জাতিকে সর্বদা ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সিলেটের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, জাসাস সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বিশিষ্ট চিকিৎসক ও এনডিএফ সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ড. হোসাইন আহমদ, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এবং সাবেক ছাত্রনেতা শরীফ মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক রাজু আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, কবি ও সাংবাদিক মুহিত চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি এমজেএইচ জামিল এবং দৈনিক নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য কাউসার আহমদ, সিন্টু রঞ্জন চন্দ, সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার সুবর্না হামিদ, দৈনিক জালালাবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মুনশী ইকবাল, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, দৈনিক নয়া দিগন্তের ফটোসাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, সাংবাদিক মুহিবুর মিসলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।