আশুলিয়ায় বিএনপি নেতাকে হত্যার হুমকি, ব্যাগে কাফনের কাপড় ও গুলি
সাভারের আশুলিয়ায় বিএনপির এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বাসার ফটকের সামনে একটি বাজারের ব্যাগে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপ জল, সাবান ও হুমকিসংবলিত একটি চিঠি রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৮ আগস্ট) ভোর পাঁচটার দিকে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় ঘটনাটি ঘটে। হুমকির শিকার মো. ইসমাইল হোসেন মোল্লা ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং আসন্ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী বলে জানা গেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা
ইসমাইল হোসেন মোল্লার পরিবারের সদস্যরা জানান, ভোরে বাসার ফটকের সামনে একটি বাজারের ব্যাগ দেখতে পান তিনি। পরে বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগ খুলে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপ জল, সাবান ও একটি চিঠি পাওয়া যায়।
চিঠিতে ইসমাইল হোসেন মোল্লাকে উদ্দেশ করে লেখা হয়, ‘প্রিয় ইসমাঈল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না।’ চিঠিতে তাঁকে সতর্ক করে আরও বলা হয়, ‘ভালোবেসে শেষ বিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম।’ পরে ‘অদৃশ্য মুসাফির’ নামে চিঠিটি শেষ করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত, আহত-৫
ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি আমার গেটে একটা ব্যাগ। ব্যাগটা খুলে দেখি ভিতরে কাফনের কাপড়, গোলাপ জল, সাবান, একটা বুলেট আর একটা চিঠি। সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে পুলিশ আসে।’
তিনি বলেন, ‘এত দিন তো ভেবেছিলাম আমার কোনো শত্রু নেই। এখন তো দেখছি আছে। কে বা কারা এ হুমকি দিয়েছে, সেটি বুঝতে পারছি না। আমাকে যে হুমকি দেওয়া হয়েছে, এই হুমকির ভয় আমি পাই না। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই ব্যাগে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপ জল, সাবান ও একটি চিঠি ছিল। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





