‎১৬ আগস্ট সফর ঘিরে ব্যপক প্রস্তুতি

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কিশোরগঞ্জ

Sadek Ali
‎‎‎এম.এ. কিবরিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:৪৯ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বইছে সাজসাজ রব। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর কিশোরগঞ্জে এটিই তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর সফরকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

‎‎জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের লতিফাবাদ ও কটিয়াদীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় ও সামাজিক কল্যাণমূলক কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে অন্যতম হলো জাতীয় পর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন, যার মাধ্যমে পর্যায়ক্রমে সারাদেশের সুবিধাভোগী পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন: জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

‎‎এছাড়া প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন এবং মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল উদ্যোক্তাদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করবেন। দিনব্যাপী এই সফরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য রাজ্যিক ভাতা প্রদান কার্যক্রমের মতো জনকল্যাণমুখী উদ্যোগেরও শুভ সূচনা করার কথা রয়েছে।

‎‎সফর প্রস্তুতি পর্যালোচনা করতে সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: চট্টগ্রামের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৩

‎‎প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শহরের প্রধান প্রধান সড়ক, তোরণ ও মোড়গুলোতে শোভা পাচ্ছে স্বাগতম ব্যানার ও ফেস্টুন। প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে উৎসবমুখর ও নিরবচ্ছিন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও সমন্বিত উদ্যোগ সম্পন্ন করা হয়েছে।

‎