জৈন্তাপুরে ১০২ বোতল বিদেশি মদসহ আটক ১

Sadek Ali
সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:৫৭ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ড্রাম ট্রাকে বিশেষ কৌশলে পাচারকালে ১০২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় মোঃ শাহরিয়ার আহমেদ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যায়।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: হবিগঞ্জে ভারতীয় ইয়াবাসহ আটক ১

আটক শাহরিয়ার আহমেদ গোয়াইনঘাট উপজেলার নয়াখেল এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইসমাইল আলি।

পুলিশ জানায়, সিলেটগামী একটি বালুবাহী ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১২-২৩৬৭) সিগন্যাল দিয়ে থামানো হয়। এ সময় ট্রাকে থাকা একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে অপর একজনকে আটক করে পুলিশ। ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে এবং ট্রাকের নিচে মাদক পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি একটি চেম্বার থেকে ১০২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে রুটি খেতে গিয়ে গলায় খাবার আটকে স্কুলছাত্রীর মৃত্যু

উদ্ধার করা মদের মধ্যে রয়েছে রয়েল স্টেগ, আইকনিক গ্রিন ও রয়েল গ্রিন ব্র্যান্ডের মদ। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার করে মদ রয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬ হাজার টাকা।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “মদগুলো ভারতীয় সীমান্ত অতিক্রম করে পাচারের উদ্দেশ্যে বিশেষ কৌশলে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজল দাস। এ সময় থানার সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।