হবিগঞ্জের মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

Sadek Ali
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:৪৬ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার বেজুরা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।

আরও পড়ুন: বগুড়ায় আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ৪

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বেজুরা সেতুর ওপর একটি তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে ট্রাকে থাকা রিপন মিয়া ও সিএনজির যাত্রী আবুল খায়ের ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া জানান, তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর বালুবাহী ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।