২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

১১ দলীয় জোটের প্রার্থীর নাম ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৫৪ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে জোটের অন্যতম প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে অলি আহমদের নাম ঘোষণা করেন। তিনি জানান, জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সর্বসম্মতিক্রমে অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, আজ প্রার্থী চূড়ান্ত

ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন। এছাড়া এলডিপি চেয়ারম্যান ও মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারীসহ জোটের অন্যান্য নেতারা বৈঠকে অংশ নেন।

এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। তখন দলের প্রার্থী হিসেবে কয়েকজনের নাম আলোচনায় থাকলেও জোটের শরিকদের সঙ্গে আলোচনা শেষে অলি আহমদকে চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরার আহ্বান নাহিদ ইসলামের

এদিকে ক্ষমতাসীন দল বিএনপি ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। রোববার নির্বাচন ভবন থেকে দলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভী।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। সব প্রক্রিয়া শেষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে বর্তমান সংসদে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বিএনপির প্রার্থী এগিয়ে থাকলেও ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমদের প্রার্থিতা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী, শূন্য পদে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে। অলি আহমদের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান হলো।