গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
গাজীপুরের কাশিমপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শনিবার কুলাউড়ায় আসছেন ডাকসু ভিপি
নিহত রাফেজ আহমেদ খুলনার দাকোপ থানার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আহত মুরাদ হোসেন ও আশরাফ আলীকে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রাফেজ চক্রবর্তী এলাকায় একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন। এ সময় পাশের দোকানের ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান কয়েকজন পথচারীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিষয়টি মীমাংসার চেষ্টা করতে এগিয়ে গেলে রাফেজের সঙ্গে আতাউরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতাউর ধারালো ছুরি দিয়ে রাফেজসহ তিনজনের ওপর হামলা চালান।
আরও পড়ুন: শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলায় অংশগ্রহণের বিকল্প নেই: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
এতে রাফেজের পেটের ডান পাশে গভীর ছুরিকাঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আতাউর রহমানকে আটক করে পুলিশ। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমেদ বলেন, অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে।





