শিকাগোর জিয়াউর রহমান সড়কে জিয়ার স্মৃতি রক্ষায় ডা. ডোনারের নেতৃত্ব বৃক্ষরোপণ কর্মসূচি
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক এবং বাংলাদেশের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ৩১ মে শিকাগো শহরে অবস্থিত জিয়াউর রহমান সড়ক পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল হক এবং সাংগঠনিক সম্পাদক দুলুসহ বিএনপির আরও বেশ কয়েকজন নেতা-কর্মী।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে এই সড়কটি উদ্বোধনের স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপি নেতা শাহ মোজাম্মেল হক বলেন, শিকাগো সিটি কাউন্সিলের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা জোসেফ এ. মুর ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে 'জিয়াউর রহমান ওয়ে' নামে সড়কটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে নামফলক উন্মোচন করার আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এই সড়ক বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের।
আরও পড়ুন: গ্রামীণ হাট-বাজারের কথা
তবে সড়কটি উদ্বোধন করার পরপরই তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরেরা এর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে আইনি লড়াই করে এই সড়কটি টিকিয়ে রাখা হয়েছে। সড়কটির পূর্বনাম ছিল 'ক্লাব স্ট্রিট', যা এখন 'জিয়াউর রহমান ওয়ে'। যতদিন আমেরিকা থাকবে, ইলিনয় স্টেট থাকবে, শিকাগো শহর থাকবে—ততদিন জিয়াউর রহমানের নাম সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সড়ক পরিদর্শনকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, "আজকের দিনটি আমার জন্য এক আনন্দঘন মুহূর্ত। শহীদ জিয়ার একজন সৈনিক হিসেবে বিদেশের মাটিতে, বিশেষ করে আমেরিকার মতো দেশের একটি গুরুত্বপূর্ণ শহরের সড়ক—যার নাম 'জিয়াউর রহমান ওয়ে', সেটি পরিদর্শন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একই সাথে আমি কিছুটা ব্যথিতও। কারণ, গতকাল ৩০ মে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। আধুনিক বাংলাদেশের রূপকার, ক্ষণজন্মা এই প্রেসিডেন্টকে চট্টগ্রামের কতিপয় বিপথগামী সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে।"
আরও পড়ুন: ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের উৎসব, শান্তির পরীক্ষা
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৩০ মে সংগঠনের পক্ষ থেকে শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি ওই দিন জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এছাড়াও শহীদ জিয়ার আদর্শ ও স্মৃতি ধরে রাখার জন্য দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ওভারসিয়ার বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।





