জ্বালানি তেলের দাম বাড়লো

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৩৬ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই মূল্য রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।

শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন: বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাযা সম্পন্ন

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

নতুন এই মূল্য কার্যকর হওয়ার পর দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: মূলধন ঘাটতি বাণিজ্যের গতি ফেরাতে ট্রেড সাপোর্ট দেয়ার আগ্রহ আইএফসির

এর আগে সর্বশেষ ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। নতুন সমন্বয়ে ডিজেলে লিটারপ্রতি ১৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং অকটেনে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপণ্যের দামেও প্রভাব পড়তে পারে, যা সাধারণ মানুষের ব্যয় বাড়াবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।