আবারো কমল স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের গহনার দাম সমন্বয় করা হয়েছে। সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: আমদানি ব্যয় দ্বিগুণ বাড়ায় নতুন চাপে অর্থনীতি
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের বিষয়টি জানানো হয়। অর্থাৎ, আজ থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা গুনতে হবে।





