ঢাবিতে ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত
শিশুদের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও সহনশীলতা বিকাশে দর্শনচর্চার গুরুত্ব তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়-এর দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র এবং নৈতিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
আরও পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আ খ ম ইউনুস এবং সঞ্চালনায় ছিলেন সহযোগী অধ্যাপক আহম্মদ উল্লাহ। এসময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিশুদের মধ্যে পরমতসহিষ্ণুতা, উদারতা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে দর্শনচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নৈতিকতা ও দর্শনের চর্চার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। শিশুদের সুশিক্ষায় গড়ে তুলতে পারলে দেশ ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: দোকানীকে মারধর ও ভাঙচুর করলেন চবি ছাত্রদল নেতা জালাল
তিনি সমাজে ভদ্রতাকে দুর্বলতা হিসেবে দেখার প্রবণতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে দর্শনের নৈতিক শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনে তিনটি অধিবেশনে দেশের বিশিষ্ট শিক্ষক ও গবেষকরা ‘শিশুদের জন্য দর্শন’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। পরে স্বনামধন্য দার্শনিক, প্রাবন্ধিক ও মনোবিজ্ঞানীরা এসব প্রবন্ধের ওপর আলোচনা করেন।





