বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন ডা. নজরুল ইসলাম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক এবং রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি, ঢাবিতে সংবাদ সম্মেলন
নিয়োগের শর্তাবলীতে উল্লেখ করা হয়েছে, উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে তাঁর মেয়াদ হবে চার বছর। তিনি আইন অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবেন এবং এ পদে থাকাকালীন বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব রাহেলা রহমত উল্লাহ।
আরও পড়ুন: সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী
এ সংক্রান্ত আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।





