ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ন, ১১ মে ২০২৬ | আপডেট: ১২:০৬ অপরাহ্ন, ১১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.”

আরও পড়ুন: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, পূর্ণাঙ্গ শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়

তিনি জানান, দীর্ঘ শিক্ষকতা জীবনে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক পদে কাজ করার বিষয়ে আগ্রহী ছিলেন না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহ্বানে দায়িত্বটি গ্রহণ করেন।

নিজের পোস্টে তিনি উল্লেখ করেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার সুযোগ তাকে দায়িত্ব নিতে অনুপ্রাণিত করেছিল। একইসঙ্গে সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে তিনি লেখেন, তার কাছ থেকে ধৈর্য, সংকট মোকাবিলা এবং আত্মসম্মান বজায় রেখে দায়িত্ব পালনের শিক্ষা পেয়েছেন।

আরও পড়ুন: ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ

শেহরীন আমিন ভূঁইয়া বলেন, ক্ষমতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও মানবিক আচরণ বজায় রেখেছিলেন সাইফুদ্দীন আহমদ। প্রক্টরিয়াল টিমও সেই আদর্শ অনুসরণ করার চেষ্টা করেছে বলে উল্লেখ করেন তিনি।

দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, নিজের সফলতা বা ব্যর্থতার হিসাব না করে তিনি এটিকে একটি “অভাবনীয় অভিজ্ঞতা” হিসেবে দেখছেন। জুলাই আন্দোলন ও পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সময়ের মতো চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হয়তো ভবিষ্যতে আর কোনো প্রক্টরিয়াল টিমকে হতে নাও হতে পারে।

পোস্টের শেষাংশে নতুন প্রক্টর ও তার টিমের জন্য শুভকামনা জানিয়ে তিনি লেখেন, “Congratulations to our new Proctor and his team. Wishing this team all the best in carrying out this significant responsibility.”