১১ নভেম্বর থেকে ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ডিসেম্বরে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একই সঙ্গে আগামী ডিসেম্বর মাসে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচিও চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়।
রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
আরও পড়ুন: সমকামিতার অভিযোগ তদন্তের বৈঠক চলাকালে ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারও ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’, ‘বিজ্ঞান’, ‘ব্যবসায় শিক্ষা’, ‘চারুকলা’ ও ‘আইবিএ’—এই পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক প্রতিনিধি নির্বাচন-২০২৬, জমে উঠেছে প্রচার-প্রচারণা
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। চারুকলা ও আইবিএ ইউনিট ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
ভর্তি পরীক্ষার কাঠামোয় চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। চারুকলা ইউনিটে থাকবে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা। আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া অন্যান্য ইউনিটে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। চারুকলা ইউনিটে এমসিকিউর জন্য ৩০ মিনিট এবং অঙ্কনের জন্য ৬০ মিনিট, আর আইবিএ ইউনিটে এমসিকিউর জন্য ৯০ মিনিট ও বর্ণনামূলক অংশের জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
মোট ১২০ নম্বরের ভিত্তিতে ভর্তিচ্ছুদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় থাকবে ১০০ নম্বর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে থাকবে ২০ নম্বর।
ভর্তির জন্য আবেদনকারীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর যোগফল কমপক্ষে ৮ এবং পৃথকভাবে ৩.৫ থাকতে হবে। মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও এ ইউনিটে আবেদন করতে পারবেন; সেক্ষেত্রে জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করতে জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে। চারুকলা ইউনিটে আবেদন করতে জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫ এবং পৃথকভাবে ৩.০ প্রয়োজন।
এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আগামী ২৮ মার্চ ২০২৭ থেকে শুরু হবে।





