প্রতারণা মামলায় ইডির জিজ্ঞাসাবাদে নুসরাত জাহান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:১২ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফ্ল্যাট দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার (২৩ এপ্রিল) কলকাতার সিজিও কমপ্লেক্সে তাকে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল সংবাদকর্মীদের ভিড়। এদিন স্বামী যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে ইডি দফতরে পৌঁছান নুসরাত। গাড়ি থেকে নামার পর সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেও তিনি কোনো মন্তব্য না করে সরাসরি দফতরের ভেতরে প্রবেশ করেন।

আরও পড়ুন: আলিয়া ভাটের ছবি বিকৃতি, পাকিস্তানি পোশাক ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকশ প্রবীণ নাগরিকের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। ২০১৪-১৫ সালে ওই সংস্থাটি প্রায় ৪০০ জন প্রবীণ নাগরিকের কাছ থেকে মাথাপিছু সাড়ে ৫ লাখ টাকা করে সংগ্রহ করে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গ্রাহকদের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি এবং তাদের অর্থও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

তদন্তকারীদের দাবি, সংশ্লিষ্ট সংস্থাটির ডিরেক্টর পদে ছিলেন নুসরাত জাহান। আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই তিনি ইডির নজরে রয়েছেন। এর আগে ২০২৩ সালেও একই মামলায় তাকে তলব করা হয়েছিল।

আরও পড়ুন: বিজয়-সঙ্গীতার ডিভোর্স, খোরপোশে ২৫০ কোটি রুপির দাবি

ইডি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক তদন্তে নতুন কিছু তথ্য ও নথি সামনে আসায় নুসরাত জাহানকে পুনরায় জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল থেকে শুরু হওয়া জিজ্ঞাসাবাদ চলে সন্ধ্যা পর্যন্ত। এসময় ইডি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং তার বয়ান রেকর্ড করা হয়েছে।

তবে জিজ্ঞাসাবাদ শেষে দফতর থেকে বের হওয়ার সময়ও গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।