কানাডায় গায়কের গাড়ি লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্ককে ঘিরে গুলির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে সাত রাউন্ড গুলি ছোড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, হামলার নিশানায় ছিলেন এম্মী বির্ক। তবে এখন পর্যন্ত পুলিশ এমন কোনো তথ্য নিশ্চিত করেনি। অন্যদিকে শিল্পীর পরিবার জানিয়েছে, এম্মী সম্পূর্ণ নিরাপদে আছেন।
স্থানীয় সময় ৫ সেপ্টেম্বর রাতে ব্রিটিশ কলম্বিয়ার একটি সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, একটি কালো রঙের এসইউভি থেকে চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। হামলার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সন্দেহভাজনরা।
আরও পড়ুন: বিশ বছর পর একসাথে অভিষেক-রানী
ঘটনার পর একটি এসইউভি আগুনে পুড়ে যাওয়ার খবরও পাওয়া যায়। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে, এম্মী বির্ককে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়, গুলির শিকার গাড়িটি একটি পাঞ্জাবি কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত ছিল। তবে এই দাবির সত্যতা এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে এম্মী বির্কের বাবা কুলজিৎ সিংহ ছেলেকে লক্ষ্য করে হামলার খবর নাকচ করেছেন। পটিয়ালার লোহার মাজরা গ্রাম থেকে তিনি জানান, এম্মী নিরাপদে আছেন এবং তার সঙ্গে কারও কোনো বিরোধও নেই।
আরও পড়ুন: রুনা লায়লার অসুস্থতা নিয়ে গুজব, যা বললেন মেয়ে
কুলজিৎ সিংহের দাবি, হামলাটি এম্মীকে লক্ষ্য করে নয়; বরং কনসার্টের আয়োজকের গাড়িকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল।
পুলিশ জানিয়েছে, গাড়িতে গুলি চালানোর ঘটনায় কেউ আহত হননি। তবে ওই সময় গাড়িতে কারা ছিলেন কিংবা এম্মী বির্ক নিজে সেখানে ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। তদন্তের স্বার্থে এবং গোপনীয়তার বিধিনিষেধের কারণে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফলে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, গুলির ঘটনায় এম্মী বির্কই হামলাকারীদের লক্ষ্য ছিলেন কি না। ঘটনার প্রকৃত কারণ, হামলার সঙ্গে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল—এসব খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।





