প্রেক্ষাগৃহে ‘আবার হঠাৎ বৃষ্টি’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:২৮ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চিঠির আদান-প্রদান থেকে ভালোবাসা—এমন এক ভিন্নধর্মী প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন জুটি রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ার অভিনীত সিনেমাটি শুক্রবার (২ অক্টোবর) দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরই মধ্যে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।

কামরুজ্জামানের পরিচালনায় নির্মিত সিনেমাটির গল্পে দেখা যাবে দীপা ও অঞ্জনের সম্পর্কের নানা বাঁক। দীপা একজন শিক্ষিত বেকার তরুণী। চাকরির সন্ধানে ঢাকায় এসে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দিলেও কাঙ্ক্ষিত সাফল্য পান না তিনি। একপর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে ট্রেনে তার ব্যাগ চুরি হয়ে যায়।

আরও পড়ুন: অভিনেত্রী মারিয়া শান্তের নতুন লুক

অন্যদিকে একই ট্রেনে শ্রীমঙ্গলে চাকরির পোস্টিং নিয়ে যাচ্ছিলেন অঞ্জন। ট্রেনে পড়ে থাকা দীপার ব্যাগটি তিনি খুঁজে পান। ব্যাগের ভেতরে থাকা ঠিকানা দেখে সেটি দীপার কাছে পাঠিয়ে দেন অঞ্জন।

ব্যাগ ফিরে পেয়ে অঞ্জনকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখেন দীপা। এরপর শুরু হয় দুজনের মধ্যে চিঠির আদান-প্রদান। সামনাসামনি দেখা না হলেও চিঠির মাধ্যমেই ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় ভালোবাসা। সেই সম্পর্কের টানাপোড়েন ও জীবনের নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প।

আরও পড়ুন: মুক্তি পেল অনুপমের নতুন অ্যালবাম ‘ব্যথা নেই’

ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্রের প্রযোজনায় নির্মিত ‘আবার হঠাৎ বৃষ্টি’ মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও পান্থপথ শাখা, মিরপুরের সনি স্কয়ার, নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ার, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, ঢাকার শ্যামলী, যশোরের মণিহার, খুলনার লিবার্টি, কুমিল্লার কে স্ক্রিন, কুষ্টিয়ার স্বপ্নীল, বগুড়ার মমইন, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা এবং কাঁচপুরের চাঁদমহল প্রেক্ষাগৃহে।

সিনেমাটিতে রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ারের পাশাপাশি অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ঝুনা চৌধুরী, মৌ খান, কায়েস আরজু, অপূর্ব ঘোষ, সানজিদা নাহার স্বর্ণা, নাজমুল সরকার নিহাদসহ আরও অনেকে।