হলে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৩ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহীদুল্লাহ্ হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।

হল ও সহপাঠীদের সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুরাদ। বিষয়টি জানতে পেরে হলের সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহীদুল্লাহ্ হল মাঠে মুরাদের জানাজা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনূল ইসলাম ভূঁইয়া।

আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয়

তিনি বলেন, শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ মারা গেছে। আমরা এখন তার জানাজার জন্য দাঁড়িয়েছি।বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার আগেই মুরাদের আকস্মিক মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক ও হলের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।