ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৭২
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৭২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন বরিশাল বিভাগ, একজন খুলনা বিভাগ এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ১৭৭ জন। এছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, একই সময়ে চিকিৎসা শেষে ৩৪৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯ হাজার ৭৮৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৮৪
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মাসভিত্তিক মৃত্যুর হিসাবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে এখন পর্যন্ত ১৯ জন ডেঙ্গুতে মারা গেছেন।
এলাকাভিত্তিক হিসাবে চলতি বছরে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও খুলনা বিভাগে ৫ জন করে, চট্টগ্রাম বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকে বরিশাল বিভাগে সর্বোচ্চ ২ হাজার ৬০৫ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৮৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ হাজার ৫৪৯ জন, খুলনা বিভাগে ১ হাজার ৪২৫ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১ হাজার ৩৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪০৭ জন, রাজশাহী বিভাগে ৩৫১ জন, রংপুর বিভাগে ১২০ জন এবং সিলেট বিভাগে ৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।





