ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার দেওয়া এক ভিডিও বার্তায় স্টারমার বলেন, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না। তবে উপসাগরীয় অঞ্চলের মিত্র রাষ্ট্রগুলোর অনুরোধে তারা প্রতিরক্ষামূলক ভূমিকা জোরদার করেছে।
আরও পড়ুন: ইরানে নতুন হামলায় ৪৩ সেনা নিহত: আল-জাজিরা
তার ভাষায়, ব্রিটিশ যুদ্ধবিমান বর্তমানে আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে এবং ইরানের ছোড়া একাধিক হামলা প্রতিহত করতে সহায়তা করেছে।
স্টারমার আরও বলেন, এই হুমকি সম্পূর্ণভাবে বন্ধ করার একমাত্র উপায় হলো ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের উৎসস্থলেই ধ্বংস করা—অর্থাৎ ইরানের গুদাম বা উৎক্ষেপণ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা।
আরও পড়ুন: ইসরাইলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান
তিনি জানান, ‘নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষা স্বার্থে’ যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল এবং সেই অনুরোধ গ্রহণ করা হয়েছে। যুক্তরাজ্যের উদ্দেশ্য, ইরান যাতে আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা চালিয়ে নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে না পারে এবং ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে—তা নিশ্চিত করা।
এই ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন কূটনৈতিক ও সামরিক মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা।





