ইরানে নতুন হামলায় ৪৩ সেনা নিহত: আল-জাজিরা
ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মেহরান-এ সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৩ জন সেনা নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে আল-জাজিরা।
রোববার (১ মার্চ) ইরাক সীমান্তসংলগ্ন ওই শহরে হামলাটি ঘটে। নিহতদের বেশিরভাগই সীমান্তরক্ষী সদস্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলায় আশপাশের কয়েকটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
বার্তাসংস্থা মেহের নিউজ প্রাথমিক তদন্তের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা এ হামলায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আন্তর্জাতিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।
৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের
আরও পড়ুন: ইসরাইলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান
চলমান সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন। তবে তাদের নামের তালিকা প্রকাশ করা হয়নি। বিভিন্ন মহলে ধারণা করা হচ্ছে, এ তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র নামও থাকতে পারে—যদিও বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।
আহমেদিনেজাদ নিহতের খবর
এদিকে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে The Jerusalem Post। পত্রিকাটি জানিয়েছে, ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্ব তেহরানের নার্নাক এলাকায় আহমেদিনেজাদের বাসভবনে হামলা চালানো হয়। এতে তিনি ও তার কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
তবে এসব তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইরান সরকারও আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিতকরণ দেয়নি।
চলমান সংঘাতের মধ্যে বিভিন্ন পক্ষের দাবি-পাল্টা দাবির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।





