চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০
উত্তর চীনের শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ শনিবার (২৩ মে) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চীনে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিকে সবচেয়ে প্রাণঘাতি খনি দুর্ঘটনা। এর আগে ২০২৩ সালে ইনার মঙ্গোলিয়ার একটি খনি ধসে ৫৩ জন শ্রমিকের মৃত্যু হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন নিয়ম
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো পুরোদমে চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে অন্তত ৯ জন খনি শ্রমিক নিখোঁজ রয়েছেন এবং খনির ভেতরে ঠিক কতজন আটকা পড়ে আছেন তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সাংবাদিকরা শানসি প্রদেশের টংঝৌ গ্রুপের লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনাস্থল থেকে জানতে পেরেছেন যে এই দুর্ঘটনায় ৯০ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়
শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যায় শানসির একটি কয়লা খনিতে এই বিস্ফোরণটি ঘটে। জানা গেছে, ঘটনার সময় সেখানে ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
এই ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসা ও জীবিতদের সন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
সরকারকে দুর্ঘটনার কারণ তদন্ত করতে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে বলেছেন চীনের প্রেসিডেন্ট।





