যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৭ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকলেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল রাখার উদ্যোগের মধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বুধবার (২৩ সেপ্টেম্বর) ওয়াশিংটনে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও চীনের ফার্স্ট লেডি পেং লিয়ুয়ান।

স্থানীয় সময় বিকেলে শি জিনপিংয়ের উড়োজাহাজ জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণের পর ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাকে এবং পেং লিয়ুয়ানকে অভ্যর্থনা জানান। এ সময় লালগালিচা, সামরিক বাহিনীর আনুষ্ঠানিক অভ্যর্থনা, দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং সামরিক উড়োজাহাজের প্রদর্শনীর আয়োজন করা হয়। 

আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ট্রাম্প শি জিনপিংকে স্বাগত জানিয়ে বলেন, তার এই সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সম্পর্ক উন্নয়নের প্রত্যাশার কথাও জানান তিনি।

অন্যদিকে শি জিনপিং এক লিখিত বক্তব্যে বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই গুরুত্বপূর্ণ দেশ এবং দুই দেশের জনগণের স্বার্থ গভীরভাবে সম্পর্কিত। তার মতে, দুই দেশের উচিত পরস্পরের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হিসেবে কাজ করা।

আরও পড়ুন: টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, চীনের জাতীয় পুনরুত্থান এবং যুক্তরাষ্ট্রের জাতীয় উন্নয়নের লক্ষ্য পরস্পরবিরোধী নয়। দুই দেশ সমন্বিতভাবে এগিয়ে গেলে উভয় দেশের পাশাপাশি বিশ্বও উপকৃত হতে পারে।

শি জিনপিং জানান, চলতি বছরের মে মাসে ট্রাম্পের চীন সফরের সময় দুই দেশের মধ্যে স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় সহযোগিতাকে গুরুত্ব দেওয়া, প্রতিযোগিতা নিয়ন্ত্রণে রাখা এবং মতপার্থক্য সামাল দেওয়ার মাধ্যমে সম্পর্ক স্থিতিশীল করার ওপর গুরুত্ব দেন তিনি।

এবারের সফরটি তিন দিনের এবং এটি দুই নেতার মধ্যে চলতি বছরে দ্বিতীয় সরাসরি বৈঠকের সুযোগ তৈরি করছে। বাণিজ্য, বিরল খনিজ, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি ও অন্যান্য আন্তর্জাতিক বিষয় সফরের আলোচ্যসূচিতে রয়েছে। দুই দেশ এরই মধ্যে বাণিজ্যসংক্রান্ত বিদ্যমান সমঝোতার মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে।

শি জিনপিং বলেন, বিশ্ব পরিস্থিতি পরিবর্তিত হলেও চীন-যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থান, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়ে গেছে। সফরে ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা এবং সহযোগিতার ক্ষেত্র আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।