পদত্যাগ করা প্রসিকিউটরের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৯:৩৩ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: দুদকের মামলায়ও জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি। তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য সাইমুম রেজা তালুকদার তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ দাবি করেন।

হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। জাতীয় দৈনিক প্রথম আলো ও নেত্র নিউজ এসব রেকর্ডিং সংগ্রহ করে যাচাই করেছে এবং বিষয়টি নিয়ে একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রবেশপথে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

অভিযোগ ওঠার পর ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মামলাটি থেকে সাইমুমকে সরিয়ে দেন। তবে তার বিরুদ্ধে আর কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি এবং ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও তাকে সরানো হয়নি।

সোমবার এক প্রজ্ঞাপনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সাইমুমের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রসিকিউটর পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তিনি ২০২৪ সালের ৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি তিনি প্রথমে সংবাদমাধ্যমে দেখেন এবং তাৎক্ষণিকভাবে সব প্রসিকিউটরকে সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেন।

তিনি বলেন, “ঘটনাটি কীভাবে ঘটল এবং এর পেছনের বাস্তবতা কী—তা বিস্তারিত জানার চেষ্টা করছি। সংশ্লিষ্ট প্রসিকিউটর সম্ভবত দুই বা তিন দিন আগে আমার কাছে একটি পদত্যাগপত্র দিয়েছিলেন।”

এ সময় সাইমুম রেজার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদে তিনি ব্যথিত হয়েছেন বলেও উল্লেখ করেন।