নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাসা, প্রস্তুত রাখা হয়েছে ৫০টি গাড়ি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:২১ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: নতুন সরকারের শপথে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে প্রয়োজনীয় সংখ্যক সরকারি গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদফতরকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত সরকারি যানবাহন অধিদফতর মিলনায়তনে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যবহৃত গাড়িসহ মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখা হচ্ছে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে ১০ থেকে ১২ জন তাদের ব্যবহৃত গাড়ি জমা দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংখ্যার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

গাড়ি ও বাসা প্রস্তুত থাকলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রায় দুই যুগ পর সরকার গঠন করছে দলটি। বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

এদিকে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।