প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে ভুয়া আমদানি অনুমতিপত্র, সতর্ক করল মন্ত্রণালয়

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে গবাদিপশু আমদানির ভুয়া অনুমতিপত্র ছড়িয়ে পড়ার ঘটনায় সতর্কবার্তা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২ মে) বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্র (ইমপোর্ট পারমিট) হিসেবে একটি নথি অনলাইনে প্রচারিত হচ্ছে, যা মন্ত্রণালয়ের নজরে এসেছে।

আরও পড়ুন: জাতিসংঘের সংস্কার ও আস্থা পুনর্গঠনের আহ্বান খলিলুর রহমানের

প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে, ওই অনুমতিপত্রটি ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি। এ নথির সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তর-এর কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার মিল পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট অনুমতিপত্রটি অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত নয় এবং এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষর যাচাইযোগ্য নয়। ফলে এটি কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।

আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মন্ত্রণালয় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যাচাই ছাড়া এ ধরনের নথি শেয়ার বা প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

এ ধরনের ভুয়া তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সঠিক তথ্যের জন্য সংশ্লিষ্টদের প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।