হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল
হামে আক্রান্ত রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে: তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি রয়েছে, সেখানে ঈদের ছুটির মধ্যেও চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, “হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনো ডাক্তার বা নার্স ছুটিতে যেতে পারবেন না। সবাইকে দায়িত্বে থাকতে হবে।”
আরও পড়ুন: রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: তারেক রহমান
ভ্যাকসিন নেওয়ার পরও হাম হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিকা গ্রহণ করলেই শতভাগ নিশ্চয়তা পাওয়া যায় না। তিনি উদাহরণ দিয়ে বলেন, কিছু রোগ নিয়ন্ত্রণে এলেও নির্দিষ্ট পরিস্থিতিতে আবার সংক্রমণ দেখা দিতে পারে।
সাখাওয়াত হোসেন বলেন, ভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে বিশেষ ক্ষেত্রে টিকা নেওয়া ব্যক্তিও আক্রান্ত হতে পারেন। তবে এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশেষজ্ঞরাই ভালো বলতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।
ঈদের সময় শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত শিশুদের যেন ভিড়পূর্ণ জায়গা বা আত্মীয়স্বজনের বাসায় নিয়ে যাওয়া না হয়। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে।





