চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হিসেবে কক্সবাজারের গুরুত্ব ক্রমেই বাড়ছে। এ বাস্তবতায় যোগাযোগ অবকাঠামোর আরও উন্নয়ন প্রয়োজন।
শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন: আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দশকে কক্সবাজারের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হলে এ অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। সেই সম্ভাবনাকে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হবে এবং দ্রুত সময়ের মধ্যে কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।
আরও পড়ুন: আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল
লবণ শিল্পের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দেশের লবণ চাষিরা দীর্ঘদিন ধরে উৎপাদন ব্যয়ের তুলনায় কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। এ সমস্যা সমাধানে সরকার একটি যৌক্তিক মূল্য কাঠামো নির্ধারণের উদ্যোগ নিচ্ছে, যাতে উৎপাদকরা ন্যায্য দাম নিশ্চিতভাবে পান।
বাজেট নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সম্প্রতি উপস্থাপিত জাতীয় বাজেটে সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহারের মাধ্যমে জনগণের ওপর মূল্যস্ফীতির চাপ কমানোর চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোগত উন্নয়ন এবং উৎপাদনশীল খাতের বিকাশকে সামনে রেখেই সরকারের নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জনসভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





