দুই প্রধানমন্ত্রীর আলোচনা হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হলে দুই দেশের অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি।’

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।’

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারণ হয়েছে আগামীকাল সোমবার। ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এটিই হবে দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

সোমবারের সৌজন্য সাক্ষাৎ নিয়ে প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।’