সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:০৮ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার নবমীতে পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

মানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তারা। আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় রংপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন: টানা পাঁচ দিনের ছুটিতে বাড়ির দিকে ছুটছে মানুষ

সফরসূচি অনুযায়ী, রংপুর মহানগরীর রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্গোৎসবের আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

আরও পড়ুন: রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সৈয়দপুর থেকে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

এর আগে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। রংপুর সফরের পাশাপাশি একই দিনে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তাঁর।