১১ দলীয় ঐক্যকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৬ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদ প্রতিরোধে রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন: সাবেক খতিব মুফতি রুহুল আমিন হাফিজাহুল্লাহ রিমান্ড বাতিল ও মুক্তি দাবি দেওনা পীরের

বৈঠকে সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকার ও বিএনপির পক্ষ থেকে সংলাপের বিষয়ে যোগাযোগের পর জামায়াত জানিয়েছে, সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ কোনো ভেন্যুতে সংলাপের আয়োজন করতে হবে।

আরও পড়ুন: ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা: রিজভী

অন্যদিকে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের উদ্যোগে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। প্রথম দিন বিএনপি ও জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়েও ১১ দলীয় ঐক্যের ব্যানারে জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

সংলাপের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে অংশ নেওয়া হবে, সে প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে।

তিনি বলেন, সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে এনসিপি থাকবে বলেও তাদের জানানো হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি।’

নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু আমাদের দাবি-দাওয়া সবই এক, সেহেতু নির্বাচন কমিশনের সঙ্গেও একসঙ্গে বসতে চাই। ইসিকে জানানো হয়েছে। সব ঠিক থাকলে রবিবার একসঙ্গেই বসব।’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বা সংলাপ প্রসঙ্গে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠক ও সংলাপ এক বিষয় নয়। সংলাপের জন্য নিরপেক্ষ ভেন্যু প্রয়োজন। সেখানে দাবি-দাওয়া এবং ঐকমত্যে পৌঁছানোর বিষয় থাকে। জুলাই সনদ বাস্তবায়ন তাঁদের প্রধান শর্ত। এটি বাস্তবায়িত হলে অধিকাংশ সমস্যার সমাধান হবে বলে মনে করেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘যোগাযোগ, আলাপ-আলোচনা চলছে। আমরা দলীয়ভাবে না, জোটগতভাবেই সংলাপে বসতে চাই। আশা করছি শিগগিরই সংলাপ হবে। নির্বাচন কমিশনের ডাকেও সাড়া দিয়েছি। সেখানেও আমরা ১১ দলের ব্যানারেই সংলাপে বসব।’

এদিকে, সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে সম্ভাব্য দুই সংলাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে বলে জোটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।