স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল চৌধুরীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৩৯ পূর্বাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে পত্র পাঠিয়েছেন স্কটিশ পার্লামেন্টের লোথিয়ান অঞ্চলের সদস্য ফয়সল চৌধুরী এমএসপি। ১৭ ফেব্রুয়ারি তারিখে প্রেরিত এই পত্রে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচনে বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক ক্রস-পার্টি গ্রুপ (সিপিজি) এর আহ্বায়ক ফয়সল চৌধুরী তাঁর পত্রে উল্লেখ করেন, "আমি আত্মবিশ্বাসী যে, আপনার অর্জিত জনাদেশ নিয়ে আপনার সরকার স্থিতিশীলতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণ এবং বাংলাদেশের জনগণের স্বার্থে সুশাসন অগ্রসর করতে কাজ করবে।"

আরও পড়ুন: শপথ এড়ালে বিপদ ঘনাবে: সংস্কার পরিষদে না গেলে বিএনপির ক্ষমতা পাঁচ বছর টিকবে না

তিনি আরও জানান, ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক পরিবেশে এই অঞ্চলে বাংলাদেশের কৌশলগত অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করেন যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতায় গঠনমূলক অবদান রাখা অব্যাহত রাখবে।

ফয়সল চৌধুরী ২০২১ সালে স্কটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশে জন্মগ্রহণকারী সদস্য এবং যুক্তরাজ্যের প্রথম ব্রিটিশ-বাংলাদেশী পুরুষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তাঁর নির্বাচনের পর থেকে তিনি স্কটল্যান্ড এবং সমগ্র যুক্তরাজ্য জুড়ে বাংলাদেশী প্রবাসীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

আরও পড়ুন: ফেনী-৩-এর নবাবপুরে দোয়া ও গণইফতার

পত্রে তিনি উল্লেখ করেন, ২০২২ সালের শুরুতে তিনি বাংলাদেশ বিষয়ক ক্রস-পার্টি গ্রুপ (সিপিজি) প্রতিষ্ঠার সম্মান পেয়েছিলেন, যার আহ্বায়ক তিনি এবং বাংলাদেশ হাই কমিশন সচিবালয় হিসেবে কাজ করছে।

সিপিজির লক্ষ্য হলো স্কটল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষাগত, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা। এটি স্কটল্যান্ড এবং বাংলাদেশ উভয়ের স্বার্থ প্রচার করতে এবং স্কটল্যান্ডে বসবাসরত ও কর্মরত বাংলাদেশী পটভূমির মানুষ ও সংগঠনগুলোর প্রতিনিধিত্ব করতে চায়।

ফয়সল চৌধুরী তাঁর পত্রে লিখেছেন, "স্কটল্যান্ড এবং বাংলাদেশ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সহনশীলতা এবং অন্তর্ভুক্তির আমাদের ভাগ করা মূল্যবোধে গভীরভাবে প্রোথিত ঐতিহাসিক সম্পর্ক উপভোগ করে। আমি আপনার নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো আরও শক্তিশালী হতে দেখার অপেক্ষায় আছি।"

তিনি আরও বলেন, স্কটল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতার জন্য ভাগ করা আকাঙ্ক্ষা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পত্রের শেষে ফয়সল চৌধুরী লিখেছেন, "আবারও, দয়া করে আমার আন্তরিক অভিনন্দন এবং আপনার কার্যকালের জন্য সফল ও ফলপ্রসূ হওয়ার জন্য আমার শুভকামনা গ্রহণ করুন।"

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করে এবং ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও রাজনীতিবিদদের পক্ষ থেকে অভিনন্দন বার্তা আসতে শুরু করেছে।