পিরোজপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

Sadek Ali
মোঃ তরিকুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৪৫ পূর্বাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মোঃ তুহিন হাওলাদার (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার দিবাগত উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: চট্টগ্রামের সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

নিহত তুহিন হাওলাদারের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলায়। তিনি স্ত্রী ফারজানা রিশাদ ও তাদের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ইন্দুরকানী সরকারি কলেজের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী ফারজানা রিশাদ উপজেলা এলজিইডি অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে তুহিন ও তার স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তারা পৃথক কক্ষে ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে তুহিনের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্ত্রী ফারজানা রিশাদ জানান, তুহিন মাদকাসক্ত ছিলেন এবং ঝালকাঠি থানার একটি মাদক মামলায় তিনি কারাবন্দী ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরও মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, যার জেরে ওইদিন বাকবিতণ্ডা হয়।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।