তেল না পেয়ে নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

Sadek Ali
সুলতান মাহমুদ, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১২:২৪ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নড়াইলে জ্বালানি তেল না পাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশন ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার মধ্যরাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: চট্টগ্রামের সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

নিহত নাহিদ সরদার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদুল মোল্যা তুলারামপুর এলাকার বাসিন্দা।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে এসে ব্যবস্থাপক নাহিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি প্রকাশ্যে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন।

আরও পড়ুন: যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটে নাহিদ তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে পাম্প থেকে বের হলে ট্রাকটি দ্রুতগতিতে তাদের পিছু নেয়। কিছুদূর এগিয়ে ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ নিহত হন এবং গুরুতর আহত হন জিহাদুল।

আহত জিহাদুলকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।