পাকুন্দিয়ায় তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পুলেরঘাট বাজার সংলগ্ন মাইজহাটি পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ
স্থানীয় সূত্রে জানা যায়, গুদামটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ভেতরে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: জীবননগরে কার্ড ছাড়া জ্বালানি নয়, মজুদে কড়াকড়ি
গুদামের মালিক শামীম জানান, তিনি ও তার ব্যবসায়িক অংশীদার নিজাম উদ্দিন যৌথভাবে তুলার ব্যবসা করে আসছিলেন। আগুনে তাদের গুদামে থাকা প্রায় ২০ লাখ টাকার তুলা পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে বলা যাবে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।





