চুয়াডাঙ্গা দামুড়হুদার গণশৌচাগার থেকে ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির একটি গণশৌচাগার (পাবলিক টয়লেট) থেকে ফরিদ উদ্দীন খান (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে হাম-রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু: পাবে ৭৮ হাজার শিশু
ফরিদ উদ্দীন খান উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের খানপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন বলে জানিয়েছেন দামুড়হুদা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গায় আসেন। এরপর পেটে ব্যথা অনুভব করলে তিনি দামুড়হুদা বাসস্ট্যান্ডের গণশৌচাগারে যান। দীর্ঘ সময় বের না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: রংপুর সদর উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় সভা
স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, ফরিদের মা কয়েকদিন যাবৎ অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাকে দেখার জন্য ঢাকা থেকে সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদায় আসেন। পেটে ব্যথা অনুভব হলে তিনি দামুড়হুদা বাসস্ট্যান্ডের গণশৌচাগারে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলে তিনি বের না হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে টয়লেটের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের গণশৌচাগার থেকে ফরিদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। জানা গেছে, তিনি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শৌচাগারে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





