চাঁদপুরে কিশোর গ্যাং নির্মূলে ৭ দিনের ঘোষণা, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান: নবাগত পুলিশ সুপার

Sadek Ali
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ১:০৭ পূর্বাহ্ন, ০৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে জেলার কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হবে।

বুধবার (১ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ফেনী চেম্বার নির্বাচনে বিজয়ী সাব্বির-জুয়েলকে সংবর্ধনা

পুলিশ সুপার বলেন, সন্তানদের নৈতিক ও সামাজিক বিকাশে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, প্রতিদিন অন্তত তিন বেলা সন্তানদের সঙ্গে একসঙ্গে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুললে তাদের সঙ্গে পারিবারিক যোগাযোগ বাড়ে, ভালো শিষ্টাচার তৈরি হয় এবং অপরাধ, মাদক ও বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে রাখা সহজ হয়। তিনি বলেন, ঘর থেকে সন্তান নিয়ন্ত্রিত না থাকলে পুলিশ বা অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না।

তিনি জানান, শহরের ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। কিশোর গ্যাং দমনে আগামী সাত দিনের মধ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ সদস্যসহ সন্দেহভাজন ব্যক্তিদের ডোপ টেস্টও করা হবে।

আরও পড়ুন: যত্রতত্র ময়লা না ফেলার প্রতিজ্ঞা সবার হওয়া উচিত: সিডিএ চেয়ারম্যান

মো. মিজানুর রহমান বলেন, ট্রাক্টর, অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের চলাচলে শৃঙ্খলা আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বড় স্টেশন এলাকায় পুলিশি নজরদারি ও জনবলও বাড়ানো হবে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে জেলার একই থানায় কর্মরত পুলিশ সদস্যদের যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে বদলি করা হবে। কমিউনিটি পুলিশিংকে আরও সক্রিয় করা, জেলার তিনটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং রাতের চাঁদপুরকে আরও নিরাপদ করতে দ্রুত কার্যক্রম শুরু করা হবে। এ কাজে গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।