ডিএসসিসি এলাকায় শুরু ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, প্রায় ৬ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় আজ (রোববার) বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৮ জুন) রাজধানীর কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

আরও পড়ুন: বনানীর কড়াইল বস্তি এলাকায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

ডিএসসিসি সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোট ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ৩৫ হাজার ৬০৬ জন শিশুকে একটি করে নীল রঙের (১ লাখ আইইউ) ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৪ হাজার ৯৩২ জন শিশুকে একটি করে লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়ুন: খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসি এলাকার ১ হাজার ৭৬০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে ৩ হাজার ৬৫৪ জন স্বেচ্ছাসেবক এবং ১৫০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ক্যাম্পেইনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছে।