ঢাবিতে বিশ্বকাপ প্রদর্শনী ঘিরে চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ, তদন্ত দাবি ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলের খেলার মাঠে বড়পর্দায় ফিফা বিশ্বকাপ খেলা প্রদর্শনকে কেন্দ্র করে চাঁদাবাজি, অপহরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। এসব অভিযোগের তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১১টায় কবি জসীমউদদীন হলের খেলার মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ছাত্রদল নেতারা।
আরও পড়ুন: এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দীন তামী, ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ সাইফ, যোগাযোগ সম্পাদক জোবায়ের আলী, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, জগন্নাথ হলের ভিপি পল্লব বর্মণ, জসীমউদ্দীন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহেদ, যুগ্ম আহ্বায়ক মোনতাসিম বিল্লাহ হিমেল, জিয়াউর রহমান হল ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিজভী আলম, একাত্তর হল ছাত্রদলের সদস্য সচিব সাকিব বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের আহ্বায়ক সাইফ আল ইসলাম দীপ, সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত এবং হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক মনসুর আহমেদ রাফি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দীন তামী দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জসীমউদদ্দীন হলের মাঠে বড়পর্দায় ফিফা বিশ্বকাপ খেলা প্রদর্শনের আয়োজন শুরু করা হয়। তবে গত ১৬ জুন থেকে কবি জসীমউদদ্দীন হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণি, জিএস মাসুম বিল্লাহ, এজিএস হিজবুল্লাহ আল হিজুল এবং সমাজসেবা সম্পাদক মারুফ ইভেন্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান ও স্ক্রিন অপারেটরদের কাছে অর্থ দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। দাবি পূরণ না হলে খেলা প্রদর্শনী বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: ঢাবিতে প্রথম সমন্বিত বৃক্ষ শুমারির ফল প্রকাশ
মল্লিক ওয়াসী উদ্দীন তামী আরও অভিযোগ করেন, গত ২২ জুন রাতে ইভেন্ট পরিচালনাকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মীকে তুলে নিয়ে বেআইনিভাবে আটকে রাখার মতো ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে আয়োজক পক্ষের স্পন্সর প্রতিষ্ঠানগুলো তাদের স্টল সরিয়ে নেয়। তিনি দাবি করেন, ওই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত থাকা কয়েকজন ছাত্রদল নেতাকে জড়িয়ে ১ জুলাই বিভিন্ন ফেসবুক গ্রুপে চাঁদাবাজির অভিযোগ এনে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এর আগে খেলা দেখানো কে কেন্দ্র করে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে পল্লি কবি জসীমউদ্দীন হল সংসদের নেতারা।





